Latest News
অর্থনীতি

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ভূমিমন্ত্রীর

Md Sayful Islam

 


ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, সময়ানুবর্তিতা, সততা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষা অর্জন করে আগামী দিনে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে বিশ্বমঞ্চে তুলে ধরতে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

শনিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রতিষ্ঠানটির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রায় ৪০ মিনিট দেরিতে উপস্থিত হওয়ায় দুঃখ প্রকাশ করে মিজানুর রহমান মিনু বলেন, জীবনে বড় হওয়ার জন্য সময়ানুবর্তিতা ও শিক্ষকের প্রতি শ্রদ্ধা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার শারীরিক অসুস্থতা, রাজনৈতিক ও জনগণের কাজের চাপের কারণে বিলম্ব হলেও শিক্ষার্থীরা যেন সর্বদা সময় রক্ষা করে চলে সে বিষয়ে আহ্বান জানান তিনি।

মন্ত্রী তার বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে রাজশাহী পুলিশ লাইন্সে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে জীবন উৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ ডিআইজি মামুন মাহমুদের মহান আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানের আগামী দিনের অনুষ্ঠানগুলোতে শহীদ মামুন মাহমুদের পরিবারের সদস্যদের সম্মানের সঙ্গে আমন্ত্রণ জানানোর আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার বিকাশ ঘটাতে ক্যাম্পাসের ভবনগুলোর নামকরণ প্রসঙ্গে মন্ত্রী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং স্যার জগদীশ চন্দ্র বসুর অবদান স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, স্যার জগদীশ চন্দ্র বসু প্রথম আবিষ্কার করেছিলেন যে, উদ্ভিদের প্রাণ আছে এবং অক্সিজেন-কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখে।

রাজশাহীর কৃতী সন্তানদের কথা তুলে ধরে ভূমিমন্ত্রী বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ট্রাইব্যুনালে রাজশাহীর সন্তান প্রখ্যাত বিচারক জি এন রায় (জয়ন্ত কুমার রায়) হিরোশিমা ও নাগাসাকিতে অ্যাটম বোমা ফেলার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। এছাড়া শিকাগো টাওয়ারের নকশাকার স্থপতি এফ আর রহমানের (ফজলুর রহমান খান) মতো ব্যক্তিত্বদের উদাহরণ দিয়ে তিনি তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক মানের মেধা বিকাশ করার তাগিদ দেন।